দেশবরেণ্য চিকিৎসক ও গবেষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মৃতি ধরে রাখতে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে স্মরণসভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প। আগামী ২৩ অক্টোবর তাঁর স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান এ কে বি সি ঘোষ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে ‘অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মেমোরিয়াল হেলথ ক্যাম্প-২০২৬’।
প্রয়াত এই চিকিৎসকের কর্মজীবন, গবেষণা ও চিকিৎসাক্ষেত্রে অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর পরিবারের উদ্যোগে প্রতিবছর এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ২০২৩ সালের ২৫ অক্টোবর ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান। তিনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দেশে-বিদেশে পরিচিত ছিলেন। ম্যালেরিয়া চিকিৎসা এবং সংক্রামক রোগ নিয়ে গবেষণায় তাঁর অবদান চিকিৎসা অঙ্গনে প্রশংসিত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর সেখানেই কর্মজীবন শুরু করেন রিদওয়ানুর রহমান। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তার চিকিৎসা ও গবেষণাকর্মের স্মৃতি সংরক্ষণ এবং সেই অবদান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পরিবারের পক্ষ থেকে নিয়মিত এ স্মরণমূলক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

